প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকাকে একটি আধুনিক ‘গ্রিন সিটি ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম।
বুধবার নগর ভবনে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে আয়োজিত আলাদা মতবিনিময়ে এসব নির্দেশনা দেন তিনি।
সভায় ঢাকাকে বাসযোগ্য ও সুন্দর নগরীতে রূপান্তরের লক্ষ্যে চারটি অগ্রাধিকার কর্মসূচি নির্ধারণ করা হয়।
এগুলো হলো–বৃক্ষরোপণ ও ব্যাপক সবুজায়ন, খালের প্রবাহ পুনরুদ্ধার ও খনন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্যকর মশা নিধন।
এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার সিদ্ধান্ত নেন প্রশাসক।
সম্প্রতি ঢাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডিএসসিসির বেশ কিছু ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় মশা মারার কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
এছাড়া, এই কার্যক্রমে স্থানীয় সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সচেতন করার পরেও কারও অবহেলায় মশার লার্ভা পাওয়া গেলে বা পরিবেশ দূষিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা ও মোবাইল কোর্ট পরিচালনার বিষয়েও এসময় সতর্ক করা হয়।
প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি রক্ষা করাই হবে প্রধান কাজ। ভালো কাজের জন্য যেমন পুরস্কার নিশ্চিত করা হবে, তেমনি অবহেলার জন্য তিরস্কার ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


