জামালপুরে স্ত্রীকে হত্যার পর আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তারের দুই সন্তান রয়েছে। তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানিয়েছে নিহতের স্বজনেরা।
পুলিশ জানিয়েছে, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রাতে ধারালো অস্ত্র দিয়ে তাহমিনাকে হত্যা করেন তাইফুর। পরে বিছানায় তাহমিনার মরদেহ রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
এ সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়।
এ ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।


