ঢাকার সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর আত্মসমর্পণ করেছেন এক নারী।
বৃহস্পতিবার দুপুরে রেহেনা আক্তার (৪০) নামে ওই নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে হত্যার কথা জানান।
৯৯৯-এর পুলিশ পরিদর্শনাধীন তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ফোন করে রেহেনা জানান, আগের রাতে তিনি তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাওয়ান। পরে তিনি ঘুমন্ত অবস্থায় তার মাথায় ইট দিয়ে আঘাত করেন।
ফোন পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে সবুজবাগ থানাকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহ এবং তার স্বামীর অন্য নারীদের সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে রেহেনা তার স্বামীকে হত্যা করেন।
খবর পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


