চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. করিম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. করিম উড়কিরচর এলাকার মো. শফির ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। উড়কিরচরে তার বাড়ি হলেও তিনি চট্টগ্রাম নগরীর আমানবাজার এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, সন্ধ্যার দিকে করিম উড়কিরচর এলাকায় গেলে কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন ব্যক্তি পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে কেরানী হাট এলাকায় আসেন। একপর্যায়ে তারা করিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। হামলার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গুলিতে গুরুতর আহত হয়ে করিম ঘটনাস্থলের সড়কের পাশে পড়ে থাকেন। পরে তার মাথার পেছনে ও ঘাড়ে কোপের দাগও দেখা যায়। রাত ১০টা পর্যন্ত তার মরদেহ বাজারের সড়কের পাশে পড়ে ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত করিমের বিরুদ্ধে ধর্ষণ, চুরি, ডাকাতি, অস্ত্র ও দ্রুত বিচার আইনে করা মামলাসহ প্রায় ১০টি মামলা রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে পুলিশ।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশ নিয়ে যাচ্ছি। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। অভিযান শুরু করেছি।’
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির পর হত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


