রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল ও গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল ও গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার আরসা সদস্য। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

গ্রেপ্তার মোহাম্মদ জহির (১৯) উখিয়ার বালুখালী ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।

শুক্রবার রাতে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার মরাগাছতলায় মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় মোহাম্মদ জহিরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

রোহিঙ্গা
গ্রেপ্তার আরসা সদস্য। ছবি: সৌজন্যে

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে জানিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘অবৈধ অস্ত্র বহনের অপরাধে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর