স্ত্রীকে গুলি, অস্ত্র লুকাতে গিয়ে ছেলে ও বন্ধুসহ গ্রেপ্তার স্বামী

স্ত্রীকে গুলি, অস্ত্র লুকাতে গিয়ে ছেলে ও বন্ধুসহ গ্রেপ্তার স্বামী
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর দারুসসালাম এলাকায় মাদক সেবনের পর পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিস্তল দিয়ে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে আব্দুল মান্নান ওরফে হান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

চাঞ্চল্যকর এই ঘটনার পর ব্যবহৃত অস্ত্রটি নিজের ছেলের মাধ্যমে এক বন্ধুর বাসায় লুকিয়ে রাখেন তিনি। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হান্নান, তার ছেলে রাকিব ও বন্ধু হাতেম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান র‌্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আব্দুল মান্নান ওরফে হান্নান একজন চিহ্নিত মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি পরিবার নিয়ে দারুসসালামের আমিনুল ডাক্তারের টিনশেড বাসায় ভাড়া থাকতেন। অবৈধ অস্ত্র ব্যবহার করে তিনি দারুসসালামসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আরও পড়ুন

র‌্যাবের অধিনায়ক হাফিজুর রহমান জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হান্নান। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীর দিকে পিস্তল তাক করে গুলি চালান। এতে ওই নারী গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্ত্রীকে গুলি করার পর নিজের অপরাধ ঢাকতে হান্নান সেই অস্ত্রটি তার ছেলে রাকিবের হাতে দিয়ে বন্ধু হাতেম মিয়ার বাসায় লুকিয়ে রাখতে পাঠান। পরে র‌্যাব-৪ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে এবং রোববার ভোরে দারুসসালাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মূল অভিযুক্ত হান্নান, তার ছেলে রাকিব এবং বন্ধু হাতেমকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধেই রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর