২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে না বলে জানিয়েছে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ২৬ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুতের সব কাজ শেষ করে মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। মন্ত্রণালয় এরপর সুবিধামতো ফলাফল ঘোষণা করবে।’
বোর্ড চেয়ারম্যান আরও বলেন, ‘রেজাল্ট প্রস্তুতের পর মন্ত্রণালয় চাইলে সেদিনই ফলাফল ঘোষণা করতে পারে।’
‘মন্ত্রণালয় থেকে ২০ জুলাইয়ের আগে ফলাফল প্রস্তুত করার জন্য একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় এবং নানাবিধ জটিলতায় তা করা যায়নি। তবে কাজ চলছে’, যোগ করেন তিনি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা দাবি করেন, ‘২০ জুলাই ফলাফল ঘোষণার ব্যাপারে আগে বোর্ড থেকে কখনোই কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে শিক্ষামন্ত্রী হয়তো কখনো প্রকাশ্যে এই তারিখের কথা বিভিন্ন আলোচনায় বলেছেন। এ কারণে বিষয়টি নিয়ে কথা হচ্ছে। কিন্তু এসএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার বা বোর্ডের পূর্বনির্ধারিত কোনো তারিখ এটি ছিল না।’


