দ্বিতীয়বারের মতো স্থগিত হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকার কনসার্ট। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই কনসার্ট। তবে শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।
বুধবার রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি, প্রশাসনিক অনুমোদন এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। কিন্তু সবকিছু শেষ হওয়ার পরও ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশ দেয়। ফলে আপাতত কনসার্টটি স্থগিত রাখতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আকস্মিক সিদ্ধান্তে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী, শিল্পী, স্পনসর, অংশীদার এবং সংশ্লিষ্ট সবাই হতাশ হয়েছেন। তবে রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তা মেনে নেওয়া হচ্ছে।
আয়োজকরা আরও জানান, টিকিট কিনে কোনো দর্শককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না। অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সব টিকিটধারীকে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। আগামী রোববারের মধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন ঢাকায় অনুপম রায়ের পারফর্ম করার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই কনসার্টও স্থগিত করা হয়েছিল। পরে নতুন করে ১ আগস্ট অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু দ্বিতীয় দফাতেও শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত করা হলো।
অনুপম রায়ের কণ্ঠে ‘আমাকে আমার মতো থাকতে দাও’, ‘তুমি যাকে ভালোবাসো’সহ জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার অপেক্ষায় ছিলেন দেশের অসংখ্য সংগীতপ্রেমী। তবে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও প্রশাসনিক সিদ্ধান্তে সেই আয়োজন আপাতত আর হচ্ছে না।


