ইতালিতে ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরেছেন। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার বাবা প্রকৌশলী আমিনুল হকও উপস্থিত ছিলেন।
বাঁধনের অভিযোগ, ইতালির একটি স্থানীয় পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।
তার নিরাপত্তার জন্য ইতালির পুলিশ ২৪ ঘণ্টা তার সঙ্গে ছিল বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘তারা আমাকে ২৪ ঘণ্টা সুরক্ষা দিয়েছেন। তারা সবসময় লবিতে থাকতেন। আমি যেখানেই যেতাম, তারাও যেতেন। আমি ৮ সেপ্টেম্বর একটি পুলিশি অভিযোগ দায়ের করি। ইতালির পুলিশ আমাকে যথেষ্ট সাহায্য করেছে।’
বাঁধনের ভাষ্য, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগাল করা হয়। তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
দেশে ফিরে হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, যারা আক্রমণ করছে, তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়ছে। তারা মনে করছে, পার পেয়ে যাবে। কিন্তু তার গায়ে হাত তোলা হয়েছে। শুধু দূর থেকে গালাগাল বা স্লোগান দেওয়া কিংবা পানি ছোড়ার মতো ঘটনা নয়, তার গায়ে হাত তোলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাঁধন বলেন, ‘তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে। তারা তাদের জায়গা অনিরাপদ করছে; আমাদের না।’
দলকানা না হওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আপনার পরিবার সাফার করবে। কিন্তু দলের যে বড় বড় নেতারা আছেন, যারা আপনাদের অডিও বার্তা, ভিডিও বার্তা দিয়ে উসকে দিচ্ছে, তাদের জীবন কিন্তু আপনাদের না।’
তিনি আরও বলেন, ‘মাথার ঘাম পায়ে ফেলে আপনারা বাংলাদেশে টাকা পাঠান। আপনারা এগুলো আর প্লিজ কইরেন না।’
ভেনিস চলচ্চিত্র উৎসব শেষে দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঁধন জানান, তিনি ৮ সেপ্টেম্বর ইতালিতে একটি মামলা দায়ের করেছেন। তিনি সহযোগিতার জন্য ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন>>
ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
বাঁধনের ওপর হামলা: ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়


