ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাতুল আক্তার জান্নাতি (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার বৈদ্য ডাঙ্গী গ্রামের শেখ শহিদের বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই গ্রামের শেখ রিপনের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল জান্নাতি। এ সময় চরভদ্রাসন থেকে সদরপুরগামী একটি অজ্ঞাত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে বাবা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
দুর্ঘটনার পর অটোরিকশা ও এর চালককে আটক করা যায়নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


