নড়াইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. তরিকুল ইসলাম নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত তরিকুল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ঈশানগাতী গ্রামের মৃত ইকলাস মোল্যার ছেলে।
বুধবার সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, ভুক্তভোগী গৃহবধূ গত ৭ সেপ্টেম্বর বাদী হয়ে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী চাকুরির সুবাদে ঢাকাতে থাকেন। এ সুযোগে তরিকুল ইসলাম বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিতেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতেন।
তার প্রস্তাবে রাজি না হওয়ায় এবং বিষয়টি স্বামীকে জানিয়ে দেওয়ায় তরিকুল ওই গৃহবধূর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার এজহারে বলা হয়, গত ৩১ আগস্ট রাত আড়াইটার দিকে বাড়িতে থাকা হাঁস মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই গৃহবধূ। হাঁস মুরগি দেখে ঘরে ঢুকলে পেছন থেকে তাকে জাপটে ধরেন তরিকুল ইসলাম।
এ সময় অজ্ঞাত দুই থেকে তিনজনের সহযোগিতায় ওই গৃহবধূকে ধর্ষণ করেন তরিকুল ইসলাম। ভুক্তভোগীর ধস্তাধস্তি ও গোঙানির শব্দে তার মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যান।
এ বিষয়ে যুবদল নেতা মো. তরিকুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
লোহাগড়া উপজেলার যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


