সাড়ে ৪ ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

সাড়ে ৪ ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল। চট্টগ্রামের পটিয়ায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে একটি বগি লাইনচ্যুত হওয়ার পর এ পথে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।

সোমবার রাত ৮টার দিকে উদ্ধারকাজ শেষ হলে দুর্ঘটনাকবলিত ট্রেনটি পটিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পটিয়ার মল্লপাড়া সড়কের লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ একটি কাভার্ড ভ্যান রেললাইনে উঠে পড়লে ট্রেনটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর ট্রেনটি কাভার্ড ভ্যানটিকে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এতে ট্রেনের মাঝামাঝি থাকা ১২ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রেনটি ঘটনাস্থলেই আটকা পড়ে থাকায় ওই রুটের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন

পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম জানান, মল্লপাড়া এলাকার ওই লেভেল ক্রসিংটি অবৈধ। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত বগি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করা হয়। প্রায় এক ঘণ্টা কাজের পর উদ্ধার কাজ শেষ হলে রেলপথটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে কোনো যাত্রী বা অন্য কারও প্রাণহানি হয়নি। আহত হওয়ারও কোনো ঘটনা ঘটেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad