মানিকগঞ্জ সদর উপজেলায় ইজিবাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুর সিদ্দিক আলীকে (৪৮) লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে জামাতা রাসেলের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আলী ওই এলাকার বাসিন্দা এবং পেশায় ইজিবাইকচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিদ্দিক আলীর বাড়িতে ব্যাটারি চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন রাসেল। এ সময় চুরির বিষয়টি নিয়ে সিদ্দিক আলীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে রাসেল তার শ্বশুরকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় রাসেল মাদকাসক্ত হিসেবে চিহ্নিত। নেশার টাকার জন্য তিনি মাঝেমধ্যে বিভিন্ন চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালান বলে অভিযোগ রয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, রাসেলের সঙ্গে আরও দুইজন ছিল। তাদের একজনের নাম শাওন বলে জানা গেছে। এ ঘটনায় তারা রাসেলসহ অন্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে মারধর করায় তিনি বর্তমানে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


