কক্সবাজারের উখিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরকে অপহরণ করে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার অভিযোগে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৫) সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক। এর আগে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আশেক (১৯) ও মো. আবুল কালামের ছেলে মো. ইমরান উদ্দিন (২০)।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে উখিয়ার মনখালী এলাকার মো. মাইমুন উদ্দিন (১৪) জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা চাকরির প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরে চক্রের সদস্যরা কিশোরের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যার এবং বিষয়টি প্রশাসনকে জানালে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে।
আ. ম. ফারুক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মানবপাচারের উদ্দেশ্যে কিশোর মাইমুন উদ্দিনকে অপহরণ এবং মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।’


