হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজি অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার সাতাইহাল গাজীর মোকাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তুহিন বাহুবল উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তুহিন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে বাহুবল থানায় জিডি করা হয়।
বুধবার সকালে সাতাইহাল গাজীর মোকাম এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হোসেন বলেন, ‘দুই দিন আগে অটোরিকশাসহ তুহিন নিখোঁজ হয়েছিলেন। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।’
নিহতের পরিবারের দাবি, তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


