৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার জিতেছে রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। পুরস্কারটি ‘প্রিমিও বিসাতো ডি’ওরো’ নামে পরিচিত।
উৎসবের সমাপনী অনুষ্ঠানের আগেই এ স্বীকৃতি পেল চলচ্চিত্রটি। সমাপনী অনুষ্ঠানে ওরিজোন্তিসহ উৎসবের আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই পুরস্কার চলচ্চিত্রটির অর্জনে নতুন একটি মাইলফলক যোগ করেছে। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ই প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ভেনিস চলচ্চিত্র উৎসবের ওরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে।
সমকালীন ঢাকার প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প জাইনিন নামের এক তরুণীকে ঘিরে। বিয়ের প্রস্তুতির সময় হবু কনে জাইনিনের শরীরে পরিবর্তন ঘটতে শুরু করে। নারীবাদী লোকজ হরর, বডি হরর ও অতিপ্রাকৃত উপাদানের সংমিশ্রণে নির্মিত চলচ্চিত্রটি পারিবারিক প্রত্যাশা, সামাজিক নিয়ন্ত্রণ ও আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরেছে।
রুবাইয়াত হোসেন বলেন, ‘আমি “দ্য ডিফিকাল্ট ব্রাইড” নির্মাণ করেছি একেবারেই ব্যক্তিগত অনুভব থেকে। নারীরা কীভাবে নিজেদের শরীরে বসবাস করতে শেখেন, তাকে নিয়ন্ত্রণ করেন এবং কখনো কখনো নিজেদের শরীরকেই ভয় পেতে শুরু করেন—এসব বিষয় ভেবেই চলচ্চিত্রটি বানিয়েছি। ভেনিসে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার কাছে ভীষণ অর্থবহ।’
বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগালের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক ফ্রাঁসোয়া দার্তেমার। আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রটির পরিবেশনার দায়িত্বে রয়েছে ফিল্মস বুটিক। উত্তর আমেরিকায় চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।


