ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় জড়িতদের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় জড়িতদের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
হামলার বিভিন্ন ভিডিও থেকে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তকৃত সকলেই ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে ইতালির মেস্ত্রে অবস্থান করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানেই স্থানীয় সময় সোমবার রাতে তাকে হেনস্তার ঘটনা ঘটে।
বাঁধন জানান, সোমবার রাতের ওই ঘটনায় তাকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। তার হাত থেকে মোবাইল ফোনটিও ঝটকা দিয়ে ফেলে দেওয়া হয় এবং কানের কাছে আঘাত করা হয়। এমনকি তার সঙ্গে থাকা ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে এ বিষয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন বাঁধন।
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিনি প্রকাশ্যে কথা বলেছিলেন এবং দেশি-বিদেশি গণমাধ্যমেও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
বাঁধনের দাবি, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেন। কেউ কেউ নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলেও পরিচয় দেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলেও আক্রমণাত্মক মন্তব্য করতে শোনা যায়। তারা তার রাজনৈতিক অবস্থান নিয়েও কটূক্তি করেন বলে অভিযোগ করেছেন বাঁধন।


