ফ্রান্সপ্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণ ও সংগীতশিল্পী সমরজিৎ রায়ের নতুন মৌলিক গান ‘মনঘুড়ি’ প্রকাশ পেয়েছে। ৫ সেপ্টেম্বর সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। অ্যাপল মিউজিক ও স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মেও গানটি পাওয়া যাচ্ছে।
রোমান্টিক ঘরানার বাংলা আধুনিক গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। গানটির মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে।
নিজের প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতি জানিয়ে জয়া বর্মণ বলেন, ‘গানটি খুব মিষ্টি। আমার ভীষণ পছন্দের। এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন। সঞ্জয় দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’
সমরজিৎ রায় বলেন, ‘শ্রোতাদের জন্য চমৎকার একটি গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। মিষ্টি কথা ও সুরের এই রোমান্টিক দ্বৈত গানটি সবার পছন্দ হবে বলে আশা করছি।’
দুই শিল্পীর দ্বৈত কণ্ঠ, রোমান্টিক কথা ও সুরে তৈরি হয়েছে ‘মনঘুড়ি’। দেশ-বিদেশের শ্রোতারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শুনতে পারছেন।
সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন জয়া বর্মণ। গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিংয়ের পাশাপাশি কয়েকটি টেলিভিশন চ্যানেলে একক সংগীত পরিবেশন করেছেন তিনি। তাঁর পরিবেশনা সুধী মহলে প্রশংসিত হয়েছে।
জয়ার বাংলা লোকসংগীত নিয়ে বাংলাদেশের কয়েকটি দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সাক্ষাৎকার ও সচিত্র ফিচার প্রকাশিত হয়েছে। এর মধ্যে মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ ও চ্যানেল ওয়ানের ‘বিনোদন আড্ডা’ উল্লেখযোগ্য।


