মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। প্রথম তিন দিনেই দুর্দান্ত ব্যবসা করেছে সিনেমাটি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় ১০০ কোটি রুপির মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে।
মুক্তির প্রথম দিন শুক্রবার ভারতে নেট ২৫ কোটি রুপি আয় করে ‘মির্জাপুর: দ্য মুভি’। দ্বিতীয় দিন শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে। এতে দুই দিনে সিনেমাটির মোট নেট আয় হয় ৫৭ কোটি ৭৫ লাখ রুপি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, রোববার দুপুর ৩টা পর্যন্ত ছবিটি আরও ১৪ কোটি রুপি আয় করে। ওই সময় পর্যন্ত তিন দিনের মোট নেট সংগ্রহ দাঁড়ায় প্রায় ৭১ কোটি রুপি।
রোববার সকালের শোগুলোতেও দর্শকদের উপস্থিতি ছিল বেশ ভালো। প্রায় ৩৮ শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করা হয়। উত্তর প্রদেশ, বিহার ও দিল্লির মতো গুরুত্বপূর্ণ বাজারে সিনেমাটির শক্তিশালী ব্যবসা মোট আয়ে বড় ভূমিকা রেখেছে।
বক্স অফিসে এই গতি ধরে রাখতে পারলে সোমবারই ১০০ কোটি রুপির ঘর অতিক্রম করতে পারে ‘মির্জাপুর: দ্য মুভি’। এরই মধ্যে সিনেমাটি সাম্প্রতিক বেশ কয়েকটি হিন্দি সিনেমার ব্যবসাকে পেছনে ফেলেছে।
আলিয়া ভাট ও শর্বরী অভিনীত ‘আলফা’ ছবির মোট লাইফটাইম আয় প্রায় ৬০ কোটি রুপি। ‘মির্জাপুর: দ্য মুভি’র মুক্তির প্রথম সপ্তাহে আয় ইতোমধ্যে সেই অঙ্ক ছাড়িয়ে গেছে।
ওয়েব সিরিজ অবলম্বনে নির্মিত কোনো সিনেমা বড় পর্দায় দর্শক টানতে পারবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও ‘মির্জাপুর’ সেই ধারণা অনেকটাই ভুল প্রমাণ করেছে। জনপ্রিয় ওয়েব সিরিজটির মাধ্যমে আগে থেকেই তৈরি হওয়া বিশাল দর্শকগোষ্ঠী সিনেমাটির বক্স অফিস সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।
অ্যামাজন এমজিএম স্টুডিও ও এক্সেল এন্টারটেইনমেন্টের পরিবেশনায় নির্মিত ‘মির্জাপুর: দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং। এর চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণ।
এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন কাসিম জাগমাগিয়া ও বিশাল রামচন্দানি।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী ও দিব্যেন্দু। সিরিজে বিক্রান্ত ম্যাসির অভিনীত একটি চরিত্রে এবার দেখা গেছে জিতেন্দ্র কুমারকে।
এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন রবি কিষাণ, অভিষেক ব্যানার্জি, রসিকা দুগাল, মোহিত মালিক, শিবা চাড্ডা, রাজেশ তাইলং, প্রমোদ পাঠক, শ্রিয়া পিলগাঁওকর, হর্ষিতা শেখর গৌর, শ্বেতা ত্রিপাঠী ও সোনাল এস চৌহান।


