জাতির প্রয়োজনে সরকার চাইলে যেকোনো সময় বিরোধী দল সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমাদের দেশ ভালো নেই। এটা সবাই স্বীকার করছি। সরকারও তা স্বীকার করতে বাধ্য।’
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘দেশ শুধু সরকারের নয়। বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে।’
সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ খাতে বড় সংকট তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তিনি সংসদে ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছিলেন। গত ৭ তারিখে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে সেখানে বক্তব্য দেওয়া হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় দেশে-বিদেশে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে বলে জানান জামায়াতের আমীর। জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও এখনো সাড়া মেলেনি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী একটি টিম গঠন করে প্রস্তাব দেওয়ার কথা বলেছেন।
তিনি বলেন, ‘ছয় দফা জনদাবি নিয়ে আমরা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছি। তবে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করতে চাই না। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে চাই।’
তিনি আরও বলেন, ‘জনগণের জন্য আন্দোলন করে জনগণের ক্ষতি করতে চাই না। একসময় সরকার জনগণের দাবি বিবেচনা করে তা মেনে নিতে বাধ্য হবে।’


