ইতালিতে চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়ার ফাঁকে পরিবারের সঙ্গে একটি পার্কে ঘুরতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি অভিযোগ করেছেন, তার পাশপাশি ভাই ও পরিবারের অন্য সদস্যরাও শারীরিক হামলা ও হয়রানির মুখে পড়েছেন।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে ইতালির মেস্ত্রে অবস্থান করছেন এই অভিনেত্রী।
বাঁধন জানান, সোমবার রাতের ওই ঘটনায় তাকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। তার হাত থেকে মোবাইল ফোনটিও ঝটকা দিয়ে ফেলে দেওয়া হয় এবং কানের কাছে আঘাত করা হয়। পরে তিনি এ বিষয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে পুরো ঘটনা তুলে ধরেন বাঁধন। পরে তিনি হামলার শিকার হওয়ার প্রমাণ স্বরূপ কয়েকটি ভিডিও প্রকাশ করেন।
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিনি প্রকাশ্যে কথা বলেছিলেন এবং দেশি-বিদেশি গণমাধ্যমেও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
বাঁধনের দাবি, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেন। কেউ কেউ নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলেও পরিচয় দেন।
তিনি আরও অভিযোগ করেন, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করা হয়। হামলাকারীরা পুরো ঘটনা ধারণ করে সরাসরি সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের চেষ্টা করেন বলেও দাবি করেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, ‘তারা আমাকে আঘাত করেছে, আমার হাত থেকে ফোন ফেলে দিয়েছে এবং কানের কাছে আঘাত করেছে।’
ঘটনার সময় বাঁধনের ভাইয়ের ছোট শিশুসন্তানও সেখানে ছিল। বাঁধনের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন হামলাকারীদের থামানোর চেষ্টা করছেন এবং শিশুটির কথা উল্লেখ করছেন। তখন একজনকে বলতে শোনা যায়, ‘কোন শিশুর কথা বলছেন? তাকেও “জয় বাংলা” বলতে হবে।’
এমনকি তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভিডিওতে কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলেও আক্রমণাত্মক মন্তব্য করতে শোনা যায়। তারা তার রাজনৈতিক অবস্থান নিয়েও কটূক্তি করেন বলে অভিযোগ করেছেন বাঁধন।
তিনি বলেন, ‘তারা আমাকে জুলাই যোদ্ধা বলেছে। হ্যাঁ, আমি তাই। আমি অবশ্যই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলাম।’
বাঁধনের ভাষায়, ‘আমাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’
ঘটনার নিন্দা জানিয়ে বাঁধন বলেন, ‘আজমেরী হক বাঁধনকে চুপ করিয়ে দেওয়া এত সহজ হবে না। আজ আপনারা বিশ্বের মানুষের সামনে দেখিয়েছেন, কীভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা একজন অভিনেত্রীকে হয়রানি করা হয়েছে।’
হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ধরনের অযৌক্তিক আচরণ থেকে আপনাদের অনেক আগেই বেরিয়ে আসা উচিত ছিল। কিন্তু আপনারা তা পারেননি। আপনারা ভেবেছিলেন, হয়তো এভাবে আচরণ করলে আবার নিজেদের অবস্থান ফিরিয়ে আনতে পারবেন। আমি মনে করি না, তা সম্ভব হবে।’
নিজের ভিডিও বার্তায় বাঁধন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন। জয়ও বর্তমানে ভেনিসে আছেন বলে তিনি জানতে পেরেছেন এবং ঘটনাটি তার নজরে আনার আহ্বান জানান।


