আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে হলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার সকালে বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনে এসে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, টার্মিনালটি চালুর বিষয়ে জাপানি প্রতিষ্ঠানকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। ধাপে ধাপে এর কার্যক্রম সম্প্রসারণ করে আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন টার্মিনালের পূর্ণ দায়িত্ব বুঝে নেবে।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না বলেও জানান তিনি।
বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনালের পুরো কাজ শেষ হলে সেখানে বছরে প্রায় ২০০ থেকে ২৫০টি এয়ারক্রাফট হ্যান্ডেল করা সম্ভব হবে। একই সঙ্গে টার্মিনাল থেকে অর্জিত আয়ে বাংলাদেশের অংশীদারিত্ব ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে।
যাত্রীসেবার মান উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, যাত্রীরা যাতে বিমানবন্দরে অবতরণের পর ১৫ মিনিটের মধ্যে তাদের লাগেজ হাতে পান, সে বিষয়েও কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে।


