পদ্মা ব্যারেজে বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজে বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি: পানিসম্পদমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের ২৪টি জেলার অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রকল্পের প্রস্তাবিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে। মাছের উৎপাদনও বাড়বে। কৃষি খাতে বড় পরিবর্তন আসবে। এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি জানান, আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চে রাজবাড়ীতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ নির্মাণকাজের উদ্বোধন করবেন।

আরও পড়ুন

পানিসম্পদমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে পদ্মা ব্যারেজ প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘ সময় পর ২০২৬ সালে প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোচ্ছে।

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান সরকার খাল পুনঃখনন শুরু করেছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত ১৩ মে একনেকের সভায় পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর