চট্টগ্রামে বসতে যাচ্ছে রক সংগীতপ্রেমীদের বড় আয়োজন ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। আগামী ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ লাইভ মিউজিক উৎসব। এতে একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ছয়টি রক ব্যান্ড ও শিল্পী।
লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠিতব্য এ উৎসবে অংশ নেবে অর্থহীন, অ্যাভয়েডরাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ বিরতির পর ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’-এর মঞ্চে ফিরছে জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। ফলে এবারের উৎসবকে ঘিরে সংগীতপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।
সংগীত, শক্তি, আবেগ ও কমিউনিটির সম্মিলিত উদযাপন হিসেবে আয়োজনটি সাজানো হয়েছে। দর্শকদের জন্য থাকছে জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলোর লাইভ পারফরম্যান্সের পাশাপাশি আধুনিক স্টেজ প্রোডাকশন, উন্নতমানের সাউন্ড ও লাইটিংয়ের ব্যবস্থা।
আয়োজকদের আশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রক সংগীতপ্রেমী এই উৎসবে অংশ নেবেন। একই মঞ্চে বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের একত্রিত করে রক সংগীতের শক্তি ও বৈচিত্র্য উদযাপন করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। দুপুর ২টায় দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে। বিকাল ৩টায় শুরু হবে মূল অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় গেট বন্ধ হলেও মঞ্চের পরিবেশনা চলবে রাত ১০টা পর্যন্ত।
ইতোমধ্যে কনসার্টটি ঘিরে শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম গেট সেট রকে এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।
আয়োজকদের ভাষ্য, ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’ শুধু একটি কনসার্ট নয়; এটি বাংলাদেশের লাইভ মিউজিক সংস্কৃতির একটি বড় মিলনমেলা। রক সংগীতের শক্তিশালী চেতনাকে উদযাপন করতে এখানে একত্রিত হবেন বিভিন্ন প্রজন্মের সংগীতপ্রেমীরা।


