ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নুর ইসলাম। পথিমধ্যে কোটচাঁদপুর পৌর শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’র একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করা হয়েছে। ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে ওই বাস ও তার চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


