ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি সরিয়ে ফেলার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে এ আলটিমেটাম দেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
সাক্ষাৎ শেষে ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সাংবাদিকদেরকে এ বিষয়ে বিস্তারিত জানান। দাবি মানা না হলে উপাচার্যের কার্যালয় এবং ডাকসু সংগ্রহশালায় কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর বসানো জুলাইয়ের দুই স্তম্ভের বিষয়েও পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল।
সাক্ষাৎ শেষ গণেশ চন্দ্র রায় সাহস সাংবাদিকদের বলেন, ‘ডাকসুর সংগ্রহশালা বা ডাকসু ভবন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তথা ইতিহাস-ঐতিহ্য-গৌরবের অংশ। সেই ডাকসু ভবনের সংগ্রহশালায় দুজন বিতর্কিত ব্যক্তির ছবি টাঙানো হয়েছে। এটি তারা নৈতিকভাবে স্খলনজনিত কাজ করেছে এবং দুঃসাহস দেখিয়েছে। ছাত্রদল তা মুখ বুঝে সহ্য করতে পারে না।’
তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক ছাত্র সংগঠন হওয়ায় গণতান্ত্রিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডাকসুর সভাপতির কাছে এসেছি। ডাকসু নির্বাচন বিতর্কিত হলেও আমরা সভাপতির কাছে এসেছি। অতিদ্রুত প্রশাসনিকভাবে সেই দুটি ছবি যাতে নামিয়ে ফেলা হয়। আমরা তাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। ভিসিকে বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে যদি এই ছবি সরানো না হয়, ভিসি অফিসসহ ডাকসু সংগ্রহশালয় কর্মসূচি দিতে বাধ্য হবো।’
ছাত্রদলসহ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটি প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের স্মৃতি রক্ষা করার জন্য স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছে উল্লেখ করে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘স্মৃতিস্তম্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠা করা হবে। তার আগেই বিতর্কিত ডাকসু দুটি স্তম্ভ নির্মাণ করেছে রাতের অন্ধকারে। একটি ডাকসু ভবন ও মধুর ক্যান্টিনের সামনে। আরেকটি কেন্দ্রীয় মসজিদ এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে।’


