ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও দেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সরকারের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির মাসব্যাপী কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জাবি শাখা ছাত্রদল এ উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে জনবলের সংকট থাকলে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবেন।
তিনি বলেন, গত দুই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ভবিষ্যতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে ছাত্রদল। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, প্রাণ-প্রকৃতির বৈচিত্র্যের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব অনেক বেশি। এখানে মানুষ ছাড়াও বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সহাবস্থান রয়েছে। ফলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সময় পরিবেশ ও জীববৈচিত্র্যের যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মশা, কীটপতঙ্গ ও পরিবেশবিষয়ক বিশেষজ্ঞ রয়েছেন। তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ছাত্রদলের উদ্যোগকে কার্যকর করতে প্রশাসন সহযোগিতা করবে। সরকারের মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি সবাইকে নিয়মিত পরিচ্ছন্ন থাকার এবং নিজ নিজ ক্যাম্পাস পরিষ্কার রাখার বিষয়ে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশাসনের জনবলসংকট মোকাবিলায় সহায়ক হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে আগ্রহী নন-এমন শিক্ষার্থীদেরও এ ধরনের উদ্যোগ উৎসাহিত করবে।
তিনি সবাইকে যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবহৃত টিস্যু রাস্তায় না ফেলে উপযুক্ত স্থানে ফেলার জন্য নিজের কাছে রাখার অভ্যাস সবার মধ্যে গড়ে উঠলে বিপুল পরিমাণ বর্জ্য রাস্তায় পড়া বন্ধ করা সম্ভব।


