এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এ বিষয়ে তার পদত্যাগের ই-মেইল তারা পেয়েছে।
বিসিবির এক কর্মকর্তা বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন। নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুও জানিয়েছেন, জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বাবু টাইমসকে বলেন, ‘আমরা ই-মেইলটি পেয়েছি। আমি নিজে এখনো দেখিনি, তবে এটি রয়েছে। আমাদের নারী দলের ম্যানেজার আমাকে জানিয়েছেন।’
জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসই অধিনায়ক হিসেবে জ্যোতির শেষ দায়িত্ব হতে পারে। ১৭ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে।
জ্যোতি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে আরও মন্তব্য করতে রাজি হননি বাবু।
তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার কিছু বলা ঠিক হবে না। আমাকে আরও দেখে নিতে দিন।’
সাম্প্রতিক এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেওয়ার পরই জ্যোতির এই সিদ্ধান্ত এল। তার সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়েও আলোচনা হচ্ছে। শেষ ১০ ইনিংসে বাংলাদেশ অধিনায়কের রান ৯, ০, ২৭, ৩৬, ৩২, ৩২*, ১০, ৪, ২৩ ও ১৯।
২০২২ সালে টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব নেন জ্যোতি। এখন পর্যন্ত ৮০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ৩২টি ম্যাচে জয় পেয়েছেন, ৪৭টিতে হেরেছেন এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক জ্যোতি। ২৭.৩৬ গড়ে ও ৯৩.৩৪ স্ট্রাইক রেটে তার রান ২ হাজার ৭০৯। এর মধ্যে রয়েছে ১৩টি অর্ধশতক ও একটি শতক। অধিনায়ক হিসেবে তার রান ১ হাজার ৮৫১, এর মধ্যে অর্ধশতক ১৩টি।
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন পরে পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং ভারত-আয়োজক জাপান ম্যাচ হবে।
চীনের বিপক্ষে জিতলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল হবে ২২ সেপ্টেম্বর।


