ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ ছন্দে আছেন মেহেদী হাসান মিরাজ। শনিবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দ্বিতীয় ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি।
মিরাজের বোলিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স ৮ উইকেটে ১২৬ রান করে। পরে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় গায়ানা। সিপিএলে অভিষেকেই মিরাজ নজর কেড়েছেন। টুর্নামেন্টের অভিজ্ঞতাও উপভোগ করছেন তিনি।
ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটি আমার জন্য দারুণ মুহূর্ত। সিপিএলে এটাই আমার প্রথমবার। ম্যাচসেরার পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। আজ মাঠে খেলাটা উপভোগ করেছি।’
জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে গায়ানা। তাদের একটি ম্যাচ বাকি। মিরাজের লক্ষ্য এখন প্লে-অফ।
তিনি বলেন, ‘বার্বাডোজের বিপক্ষে আমাদের একটি ম্যাচ বাকি। ম্যাচটি কঠিন হবে। তবে আমরা জিততে চাই। প্লে-অফে ভালো খেলতে পারলে ফাইনাল পর্যন্ত যাওয়া সম্ভব। আশা করি, পরের ম্যাচেও জয় পাব।’
সিপিএলে প্রথম দুই ম্যাচে মিরাজের শিকার সাত উইকেট। কন্ডিশন বুঝে বল করাই তার পরিকল্পনা।
মিরাজ বলেন, ‘আমি সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেট নেওয়ার সুযোগও খুঁজেছি। বুঝতে পেরেছিলাম, উইকেট কিছুটা ঘুরছিল। স্পিনারদের জন্য সহায়তাও ছিল। তাই স্টাম্প লক্ষ্য করে বল করেছি। সেখান থেকেই সুযোগ পেয়েছি।’


