পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে সাজানো ভিডিও তৈরি ও ‘অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকাল ১১টায় শহরের আব্দুল হামিদ রোডে পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশেদুল ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেন সংবাদকর্মীরা।
প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, উৎপল মির্জা, রাজিউর রহমান রুমী ও সরোয়ার মোর্শেদ উল্লাসসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
বক্তারা অভিযোগ করেন, গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে এক তরুণীকে ভয়ভীতি দেখিয়ে জহুরুল ইসলামের বিরুদ্ধে সাজানো ভিডিও ধারণ ও অপপ্রচার চালানো হয়েছে।
কর্মসূচি শেষে ডিবির ওসির প্রত্যাহার ও জড়িতদের শাস্তির দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে ডিবির ওসি রাশেদুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবার সহায়তা চাওয়ায় তাদের হেফাজতে নেওয়া হয়েছিল এবং সে সময়ই কেউ ভিডিও করে থাকতে পারে।
অন্যদিকে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


