মাদক পরীক্ষায় পজিটিভ ফল পাওয়ায় পুলিশ কর্মকর্তা এ এফ এম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বর্তমানে রংপুরে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে গত ১০ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এ এফ এম নিজাম উদ্দিন মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর থেকে মনোনয়ন নিয়ে প্রশিক্ষণে যোগ দেন। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় ইউরিন বেনজো ডায়াজেপিনস (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকারি আদেশে বলা হয়, এ ধরনের ফলাফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী এটি ‘অসদাচরণ’-এর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় একই বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন.. পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত.


