হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪ পিস ভেপ ও ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়েছে। আটক পণ্যের মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের বি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালান।
দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগেজ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়।
একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একে৭১ ফ্লাইটের যাত্রী শিপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪ পিস ভেপ আটক করেন কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা।
এ ছাড়া গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩২৬ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়। এরমধ্যে কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮ পিস এবং শামিমা আক্তারের কাছ থেকে ৪৬ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, একদিনে দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজু থেকে আসা তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ থেকে এসব পণ্য আটক করা হয়েছে। উদ্ধার করা পণ্যের মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
বিভিন্ন আন্তর্জাতিক রুটে একই ধরনের পণ্য বহনের ঘটনা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হবে।


