ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাজাপ্রাপ্ত দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। তারা হলেন রফিকুল ইসলাম (৫৪) ও আব্দুর রহিম (৬০)।
সোমবার সকালে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। মৃত্যুর পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের বাবার নাম মৃত রজব আলী। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পত্র নবিস গ্রামে। সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন।
অন্যদিকে, আব্দুর রহিমের বাবার নাম আব্দুল করিম। তিনি রাজধানীর গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকায় থাকতেন। তিনিও সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান দুই কারাবন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


