এমএলএসের শীর্ষ দল ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। শনিবার ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দুই দলের লড়াইয়ে গোল করেছেন লিওনেল মেসি।
মায়ামির নু স্টেডিয়ামে ৬২ মিনিটে বাঁকানো শটে গোল করেন মেসি। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তবে যোগ করা সময়ে কাছ থেকে গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ।
২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিলের বিপক্ষে ১৪ ম্যাচে ১৭ গোল করেছেন ৩৯ বছর বয়সী মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের বিপক্ষে এটিই তার গোলের সংখ্যা।
ম্যাচে আরও গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। ৫০ মিনিটে তার শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে আরেকটি শট পোস্টে লাগে। শেষ দিকে তার আরও একটি শট হেড করে ঠেকিয়ে দেন ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস।
এই ড্রয়ে ন্যাশভিলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে মায়ামি। নিয়মিত মৌসুমে দুই দলেরই ৯টি ম্যাচ বাকি।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ন্যাশভিল। অফসাইডের ফাঁদ এড়িয়ে নিচু শটে গোল করেন সারিজ।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সমতায় ফেরে মায়ামি। মেসির বাঁকানো কর্নার থেকে হেড করেন ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হোয়াইটিং। তার হেডেই আত্মঘাতী গোল হয়।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মেসির গোলে আবার এগিয়ে যায় মায়ামি। বক্সের প্রান্তে আর্জেন্টিনার সাবেক সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে বল আদান-প্রদান করে বাঁকানো শটে গোল করেন মেসি। ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শোয়াকের ডাইভেও গোল ঠেকানো যায়নি।
তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি মায়ামি। যোগ করা সময়ে কাছ থেকে গোল করে ন্যাশভিলকে এক পয়েন্ট এনে দেন সারিজ।


