সিপিএল: গায়ানার হার, ব্যাট-বলে মিরাজের দুর্দান্ত লড়াই

সিপিএল: গায়ানার হার, ব্যাট-বলে মিরাজের দুর্দান্ত লড়াই
সিপিএলে বল হাতে মিরাজ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে গায়ানার হয়ে ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে গায়ানা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৮.১ ওভারে ৯৯ রানে অলআউট হয় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন গ্লেন ফিলিপস। মিরাজ ২৪ বলে এক চার ও এক ছক্কায় করেন ১৮ রান। দলীয় ১৫ রান তুলতেই প্রথম উইকেট হারায় গায়ানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

গায়ানাকে সবচেয়ে বেশি বিপদে ফেলেন এ এম গজানফর। একই ওভারে তিন উইকেট নিয়ে তিনি দলের ওপর বড় চাপ তৈরি করেন।

মিরাজ ও ফিলিপস ২৩ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান। তবে তারা এই জুটিকে বড় করতে পারেননি।

আরও পড়ুন

ইনিংসের শেষের দিকে রোমারিও শেফার্ড করেন ২২ রান। তবুও একশ রান পর্যন্ত পৌঁছাতে পারেনি গায়ানা। বার্বাডোজের পক্ষে গজানফর ও জোহান লেইন তিনটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বার্বাডোজও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মিরাজ বোলিংয়ে আসার আগেই তারা এক ওপেনারকে হারায়।

মিরাজ বোলিংয়ে এসে প্রথম ওভারে মাত্র ৩ রান দেন। পরের ওভারেই কুইন্টন ডি কককে বোল্ড করে প্রথম উইকেট তুলে নেন তিনি। একসময় বার্বাডোজের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৬ রান। পরে ব্র্যান্ডন কিং ও সাদ্রাক দেসকার্তে জুটি গড়ে দলকে এগিয়ে নিলে সেই জুটিও ভাঙেন মিরাজ। ২০ বলে ৩২ রান করা দেসকার্তেকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

চার ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নিয়ে বোলিংয়ে দলের সেরা পারফরমারদের একজন ছিলেন মিরাজ। তবে তার লড়াকু পারফরম্যান্সও গায়ানাকে হার এড়াতে পারেনি।

শেষ পর্যন্ত ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৪৪ রানে ভর করে ১৪.৫ ওভারে চার উইকেট হারিয়ে ১০০ রান তুলে ছয় উইকেটের জয় নিশ্চিত করে বার্বাডোস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর