সরকার, প্রশাসন ও পুলিশ বাহিনীর সমালোচনা করা অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি উপকমিশনার (মিডিয়া) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘প্রশাসনিক কারণে’ তাকে প্রত্যাহার করা হয়েছে।
ছড়িয়ে পড়া অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা (গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত) যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’
তিনি অভিযোগ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।
পুলিশের ভেতরে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। কথা বলেন, ঘুষের বিনিময়ে পুলিশে পদায়নের বিষয় নিয়েও।
যদিও ওই অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এমনকি এ বিষয়ে ওসি রাকিবুলের কোনো বক্তব্যও জানা যায়নি। তবে অনেকেই কণ্ঠটি তার বলে নিশ্চিত করেছেন।
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের তথ্য জানায় ডিএমপি।


