কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আবারও ঢাকায় আসছেন। দুই বাংলায় সমান জনপ্রিয় এই শিল্পী আগামী ২৬ জুন পুরো ব্যান্ডসহ রাজধানীতে একটি লাইভ কনসার্টে পারফর্ম করবেন।
‘অন ট্রু সাউন্ড’ শিরোনামের কনসার্টটির আয়োজন করছে দ্য ট্রিপল কমিউনিকেশন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটির প্রচারণা শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।
আয়োজক সূত্র জানিয়েছে, এবার অনুপম রায় একা নন, তার পুরো ব্যান্ড দল নিয়েই ঢাকায় আসছেন। প্রিয় শিল্পীর আগমনের খবরে ভক্তদের মাঝেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
এর আগে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অনুপম রায়। এছাড়া ২০২৩ সালের জুলাইয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টেও পারফর্ম করেছিলেন তিনি। সে সময় ঢাকার রাস্তায় তার ঘুরে বেড়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।
বাংলাদেশে আসা নিয়ে বরাবরই উচ্ছ্বাস প্রকাশ করে আসছেন অনুপম রায়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমন্ত্রণ পেলেই বাংলাদেশে আসার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি, কারণ এখানকার মানুষের ভালোবাসা তাকে বারবার টেনে আনে।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের ভেন্যু ও টিকিট বিক্রির বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।


