ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েলহোর বিশ্বজয়ী উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ এবার দেখা যাবে ঢাকার মঞ্চে। আত্মোপলব্ধি, স্বপ্ন আর নিজের ভাগ্য খুঁজে পাওয়ার এক তরুণের যাত্রার গল্প নিয়ে নাট্যরূপ দিচ্ছে নাট্যদল ‘এক্টোম্যানিয়া’।
‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নামের এই নাটকের নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ। নির্দেশনায় রয়েছেন তালহা জোবায়ের। এটি এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনা।
উপন্যাসের মূল চরিত্র সান্তিয়াগোর যাত্রা শুরু আন্দালুসিয়া থেকে। স্বপ্নের টানে সে পাড়ি জমায় মিসরের পিরামিডের উদ্দেশে। পথের নানা অভিজ্ঞতা, মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং আত্মঅন্বেষণের মধ্য দিয়ে সে খুঁজতে থাকে জীবনের প্রকৃত লক্ষ্য। সেই রূপকধর্মী যাত্রাকেই মঞ্চে তুলে ধরার চেষ্টা করা হয়েছে নতুন এই প্রযোজনায়।
নাট্যদলটির ভাষ্য, উপন্যাসের অন্যতম মূল দর্শন, মানুষ যখন মন থেকে কোনো স্বপ্নকে অনুসরণ করে, তখন পুরো বিশ্ব যেন সেই স্বপ্ন পূরণের পথে তাকে সহায়তা করে, এই ভাবনাটিই নাটকের কেন্দ্রে রয়েছে।
নির্দেশক তালহা জোবায়ের বলেন, বর্তমান সময়ে ক্যারিয়ারের ইঁদুরদৌড়ে মানুষ এতটাই ব্যস্ত যে জীবনে আসলে কী করতে চেয়েছিল, তা অনেক সময় ভুলে যায়। ‘দ্য আলকেমিস্ট’ সেই হারিয়ে যাওয়া স্বপ্ন ও নিজের ভেতরের তাগিদকে নতুন করে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দেবে।
শিগগিরই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান, ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস ও মাহফুজ ইসলাম মেঘসহ অনেকে।


