সাত বছরের অপেক্ষা পর মুক্তি পাচ্ছে ‘আনন্দ অশ্রু’

সাত বছরের অপেক্ষা পর মুক্তি পাচ্ছে ‘আনন্দ অশ্রু’
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দীর্ঘ সাত বছরের অপেক্ষা শেষে অবশেষে বড় পর্দায় আসছে সাইমন সাদিক ও মাহিয়া মাহির ‘আনন্দ অশ্রু’। আগামী ১৩ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বুধবার রাতে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এ উপলক্ষে প্রকাশ করা হয় সাজ্জাদুল সায়েমের নকশা করা একটি পোস্টার।

বেশ কয়েক বছর আগেই সিনেমাটির শুটিং শেষ হয়েছিল। সেন্সর ছাড়পত্রসহ মুক্তির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। তবু নানা কারণে এত দিন আলোর মুখ দেখেনি সিনেমাটি।

পরিচালক মানিক বলেন, ‘সেন্সর ছাড়পত্রসহ সিনেমাটির সব কাজ দুই বছর আগেই শেষ হয়েছিল। এরপর মুক্তির উপযুক্ত সময় খুঁজতে আরও দুই বছর লেগেছে।’

সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে অভি কথাচিত্র। পরিচালক জানিয়েছেন, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘আনন্দ অশ্রু’ নামটি বাংলা সিনেমার দর্শকদের কাছে বেশ পরিচিত। ১৯৯৭ সালে শিবলী সাদিক পরিচালিত একই নামের সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। নতুন সিনেমাটির নামের সঙ্গে পুরোনো ছবির মিল থাকলেও এটি কোনো রিমেক নয়।

মানিক আগেই জানিয়েছিলেন, পুরোনো সিনেমাটি তার খুব প্রিয়। সালমান শাহ ও শাবনূরের ভক্ত এই পরিচালক কেবল ছবিটির নামটি নিয়েছেন; গল্পের সঙ্গে পুরোনো সিনেমাটির কোনো মিল নেই।

আরও পড়ুন

সুদীপ্ত সাঈদ খানের চিত্রনাট্যে নতুন ‘আনন্দ অশ্রু’র গল্প আবর্তিত হয়েছে ফরহাদ ও শিরীর প্রেমকে ঘিরে। ফরহাদ চরিত্রে সাইমনকে দেখা যাবে শান্ত, বাউলসুলভ এক তরুণের ভূমিকায়। অন্যদিকে মাহি অভিনয় করেছেন প্রাণবন্ত ও কিছুটা বদমেজাজি গ্রামের মেয়ে শিরী চরিত্রে, যে সব সময় ফরহাদের পিছু পিছু ঘোরে।

সাইমন জানিয়েছেন, সিনেমাটিতে সহজ-সরল একটি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। তবে পুরো গল্পজুড়েই রয়েছে বিষাদ ও আবেগের নানা টানাপোড়েন।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, শহীদুজ্জামান সেলিম, জয় চৌধুরী, সুজাতা, মারুফ আকিব ও চিকন আলী। প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। পরিচালক মানিকের সিনেমায় এই প্রথম এমন নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘আনন্দ অশ্রু’র সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও শাহরিয়ার রাফাত। গান লিখেছেন সুদীপ কুমার দীপ, আবুল কাশেম নিপুণ ও রোকন উদ্দিন সেতু। কণ্ঠ দিয়েছেন কোনাল, কিশোর ও রাফাত। সিনেমার গানে রোমান্টিক আবহের পাশাপাশি থাকছে বাউলধারার ছোঁয়া।

২০১৮ সালে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। পরে ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হয়। সিনেমার শেষ দুটি গানের শুটিং হয় ২০২০ সালের জানুয়ারিতে কিশোরগঞ্জের নিকলীতে।

পরিচালক মানিকের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘মন ছুঁয়েছে মন’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ও ‘এমনও তো প্রেম হয়’।

সাইমন ও মাহি জুটিকে নিয়ে এর আগে মানিক নির্মাণ করেছিলেন ‘জান্নাত’। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালকসহ পাঁচটি বিভাগে পুরস্কার জেতে।

‘জান্নাত’-এর পর এই জুটির দ্বিতীয় সিনেমা হিসেবে ‘আনন্দ অশ্রু’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দর্শকের সামনে আসছে ছবিটি। এবার পর্দায় সাইমন-মাহির প্রেমের রসায়ন কতটা জমে, সেটিই দেখার অপেক্ষা।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad