পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিআইজি মো. ইসরাইল হাওলাদার, ঢাকা রেঞ্জের বর্তমান ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
পুলিশের শীর্ষ পর্যায়ে নিয়মিত পদোন্নতি ও পদায়নের ধারাবাহিকতার মধ্যেই পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হলো। সাম্প্রতিক সময়ে পুলিশে শীর্ষ পর্যায়ের পদোন্নতি ও পুনর্বিন্যাস নিয়ে একাধিক পদক্ষেপ নেয় সরকার।


