ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৬টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ১৭ জনকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আরও প্রায় ৪০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, ‘সকালে বিষ্ণুপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় অসংখ্য মানুষ হাসপাতালে এসেছেন। অনেকেই ভর্তি আছেন, আবার অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। উন্নত চিকিৎসার জন্য অন্তত ১৬ জনকে ঝিনাইদহে পাঠানো হয়েছে।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা বলেন, ‘সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’


