টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তর নাম আবু হানিফা (৪৮)। তিনি উপজেলার পৌর শহরের দামপাড়া মধ্যপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। পেশায় তিনি কলা চাষী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, রাত ১১টার দিকে জলছত্র দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল কাকরাইদ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


