বান্দরবানে সৌদি প্রবাসীর শিশু সন্তানকে অপহরণ

Advertisement
Advertisement

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে সৌদি প্রবাসীর সাত বছর বয়সী এক শিশু সন্তানকে অপহরণ করেছে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকার নিজ বাড়ি থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

অপহৃত শিশুর মা শাহেদিয়া জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার পর অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে পড়েন। ‘তারা অস্ত্রের ভয় দেখিয়ে আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে চলে যান।’

তিনি আরও বলেন, ‘অস্ত্রধারী সবাইকে বাঙালি বলেই মনে হয়েছে।’

অপহৃত শিশুর নাম বাপ্পি। সে ওই এলাকার সৌদি প্রবাসী সাবুল কাদের ও গৃহবধূ শাহেদিয়া দম্পতির একমাত্র সন্তান।

আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে একদল মুখোশধারী সশস্ত্র দল সাবুল কাদেরের বাড়িতে হানা দেয়।  ঘরে ঢুকেই পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাতে থাকেন তারা। একপর্যায়ে বাপ্পিকে তুলে নিয়ে যান।

ভুক্তভোগী পরিবারের দাবি, অপহরণকারীরা সবাই বাঙালি ছিল। এ ঘটনার পরপরই পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে যোগাযোগ করে। তবে বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

রাঙ্গাঝিরি এলাকার স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম বলেন, ঘটনার পর থেকে এলাকাবাসী আতঙ্কে রয়েছে। অপহরণকারীদের দ্রুত চিহ্নিত করে শিশুটিকে উদ্ধারের দাবি জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad