বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার কারণে দেশের অনেক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় বাংলাদেশ তছনছ হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি।‘
সোমবার ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি হল সেই রাজনৈতিক দল, যে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে।’
এ সম্মেলন প্রায় আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে, সর্বশেষ সম্মেলনটি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর হয়েছিল। সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন রূপ হবে, যা গণতান্ত্রিক পথ প্রদর্শন করবে।’
বিএনপি দেশের রাজনৈতিক ইতিহাসে বহুদলীয় গণতন্ত্রের ‘প্রবর্তক’ হিসেবে নিজেদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘একটা কথা সব সময় মনে রাখতে হবে, বিএনপি হল সেই রাজনৈতিক দল, যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে।’
‘বিএনপি হল সেই রাজনৈতিক দল, যে আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছেন,’ যোগ করেন তিনি।
নেতাকর্মীদের কাছে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘আজকের সম্মেলনের মাধ্যমে এ জেলায় নতুন একটি বিএনপি গঠন করা হবে, যে বিএনপি একদিকে নতুন পথ দেখাবে, অন্যদিকে গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠিত করবে।’
সম্মেলনের উদ্বোধন শুরুর আগে, জাতীয় সংগীত পরিবেশন এবং আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সাংগঠনিক প্রতিবেদন ও শোকপ্রস্তাব পেশ করেন।


