নোয়াখালীর বেগমগঞ্জে একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তারা একটি গায়ে হলুদ অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তারা সড়কে পড়ে যান এবং পাঁচজন গুলিবিদ্ধ হন।
শান্ত দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন। তবে এ অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, হারুন ও রায়হানের মধ্যে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লোকজন ভেবে হামলাকারীরা তাদের ওপর গুলি চালিয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু জায়েদ বলেন, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের মধ্যে জামায়াতের কয়েকজন কর্মী রয়েছেন, যারা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে কয়েকজন ছররা গুলিতে আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


