মহান বিজয়ের মাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে ‘বিজয় বইমেলা ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাপুস জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলা শুরু হবে, যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিদিন দুপুর ২টা থেকে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। ছুটির দিন সকাল ১১টা থেকে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। ১০ ডিসেম্বর বিকাল ৪টায় হবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।
আয়োজকরা জানিয়েছেন, এটি কেবল বই কেনা-বেচার কোনো সাধারণ বাণিজ্যিক আয়োজন নয়; বরং এটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মননশীলতা তৈরির এক ঐতিহাসিক পদক্ষেপ।
এবারের মেলায় দেশের প্রায় ২০০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। শিশুদের জন্য বিশেষ আয়োজন, মুক্তিযুদ্ধের তথ্যচিত্র প্রদর্শন, ঐতিহ্যবাহী সংগীত এবং লেখক-পাঠকের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মেলাটি হয়ে উঠবে বাঙালির প্রাণের উৎসব ও মিলনমেলা
সংবাদ সম্মেলনে বাপুস দেশের প্রকাশনা শিল্প ও পাঠক সৃষ্টি নিয়ে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে।
বইকে শহরকেন্দ্রিক গণ্ডি থেকে বের করে গ্রামের ঘরে ঘরে ও শিক্ষাঙ্গনে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ লক্ষ্যে ২০২৬ সালে দেশের ৬৪ জেলায় এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বইমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরতে ২০২৬ সালের মে মাসে ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস বুক ফেয়া’ এবং ‘সাউথ-ইস্ট এশিয়া ইন্টারন্যাশনাল বুক ফেয়ার’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজয় বইমেলা উদ্যাপন জাতীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও গ্রন্থিক প্রকাশনের প্রকাশক রাজ্জাক রুবেল।
সভায় সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়কারী জনাব আবুল বাশার ফিরোজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসমন্বয়ক কাউছার আহম্মেদ, সদস্য সাবা খালেদ প্রমুখ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, বিজয়ের মাসে এই বইমেলা একটি জাতীয় পাঠ-আন্দোলনে রূপ নেবে, যা আগামী দিনের শিক্ষিত ও উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


