ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ‘বাধা’ দিলে মার্কিন মিত্র ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওমান যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর বোমা ফেলব।’ তবে ওমানের কোন কর্মকাণ্ডকে তিনি আলোচনায় ‘বাধা’ হিসেবে দেখছেন, তা স্পষ্ট করেননি তিনি।
ইরান ও ওমানের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, জাহাজ চলাচলের রুটের মানচিত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। বিস্তারিত চূড়ান্ত করার পর যৌথ বিবৃতি দেওয়া হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। প্রায় ছয় মাস ধরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে। এটি পুনরায় খুলে দেওয়া বর্তমানে আলোচনার অন্যতম প্রধান বিষয়।
হরমুজ প্রণালির দক্ষিণ পাশে অবস্থিত ওমান সংঘাতে নিজেদের নিরপেক্ষ দেশ হিসেবে দাবি করে আসছে। তবে ইরানের হামলায় দেশটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের একটি সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হওয়ার পথে। গত ১৮ জুন স্বাক্ষরিত ওই সমঝোতার লক্ষ্য ছিল যুদ্ধবিরতি কার্যকর করা এবং আংশিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া। কিন্তু অল্প সময়ের মধ্যেই দুই পক্ষ ফের হামলা শুরু করলে সমঝোতাটি কার্যত অকার্যকর হয়ে পড়ে।
সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিবিসির এক সাংবাদিক ট্রাম্পকে এমওইউর মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘না।’
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগের একটি গোপন চ্যানেল রয়েছে। তবে আইআরজিসি এ দাবি অস্বীকার করেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির এক মুখপাত্র বলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে তেহরান সম্মত হবে না। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের পণ্য পরিবহনমূল্যের ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ফি দাবি করছে ইরান।
যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে নিজের কোনো তাড়া নেই বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানিরা ‘ভালো পোকার খেলোয়াড়’, তবে তারা ‘মারা যাচ্ছে’। যুদ্ধ শেষ করার বিষয়ে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানান তিনি।
এর আগে ৮ জুলাই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধবিরতি ‘শেষ হয়ে গেছে’। এরপর ইরানের সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হলে দেশটির নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
এমওইউর মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই তার প্রশাসনের প্রথম লক্ষ্য।


