ফরিদপুরে গাড়ি পার্কিং নিয়ে তর্কের একপর্যায়ে জনসম্মুখে এলোপাতাড়ি গুলি ছুড়লেন যুবক। ২৬ সেকেন্ডের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। এ সময় হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ছোটাছুটিতে আহত হন দুজন। প্রাথমিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা বাসিন্দা হাচান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কার হাইওয়ে থানার সামনে থামিয়ে চা খেতে নামেন দুজন নারী ও পুরুষ। সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে প্রাইভেটকারটি সাইড করে রাখতে বলেন। এই নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবককে গাড়ি থেকে পিস্তল দিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি জানা নেই। পরে এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।


