ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর খবর শুনে শোক সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছে এক তরুণ।
সোমবার সন্ধ্যায় শহরের কমলাপুর চানমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানভীর হোসেন (১৯) চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার তানভীর হোসেন ফরিদপুর শহরের কমলাপুরে তার বোনের বাসায় বেড়াতে আসেন। সেখানে এসে জানতে পারেন, স্ট্রোক করে তার প্রেমিকার আকস্মিক মৃত্যু হয়েছে। শোক সহ্য করতে না পেরে সন্ধ্যার দিকে তিনি বোনের বাসার বাইরে গিয়ে বিষ পান করেন।
নিহত তানভীরের বোন তানজিলা আক্তার জানান, পরে বাসায় এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
পরে নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) ও মা ছালেহা বেগম কোতয়ালী থানায় উপস্থিত হয়ে অপমৃত্যুর তথ্য জানান।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


