সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।
পরিবার জানায়, রাতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল তানজিম। রাত ২টার দিকে চিৎকার করে কান্না শুরু করলে তাদের ঘুম ভাঙে। শিশুটির শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান তারা। পরে বিছানার পাশে একটি বিষধর সাপও দেখা যায়।
শিশুটির চাচা মোস্তফা ঢালী জানান, প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। সেখানে না পেয়ে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালিগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান জানান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় পৌঁছালে বুধবার ভোরে শিশুটির মৃত্যু হয়।
চিকিৎসক সাকির হোসেন বলেন, ‘বিষধর সাপের কামড়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। বিলম্ব হলে ঝুঁকি বাড়ে।’


